রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত একটি আড়ং শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা (Barrister Rumeen Farhana)। শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডে অবস্থিত শোরুমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইফতারের পর মায়ের জন্য কয়েকটি কাপড় কিনতে ওই শোরুমে যান রুমিন ফারহানা। চারটি ম্যাক্সি কেনার পর কাউন্টারে সাড়ে চার হাজার টাকার বিল পরিশোধ করেন তিনি। তবে কাপড় দেওয়ার সময় কোনো শপিং ব্যাগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ সময় শোরুম কর্তৃপক্ষ তাকে জানায়, ব্যাগ নিতে হলে অতিরিক্ত ৪০ টাকা পরিশোধ করতে হবে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা এবং ব্যাগ ছাড়া কাপড় নিয়েই শোরুম ত্যাগ করেন।
ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায়, তিনি কাঁখে কয়েকটি কাপড় নিয়ে শোরুম থেকে বের হয়ে আসছেন।
এ ঘটনা নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ (Zakir Hossain Shuvo) ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্ট্যাটাসে তিনি লেখেন, গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনলেও সেই পণ্য বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগ না পাওয়াটা অস্বাভাবিক। পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তবে গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থাও থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ‘মায়ের জন্য চারটি কাপড় কিনেছিলাম। কিন্তু ব্যাগের জন্য আলাদা করে ৪০ টাকা দিতে বলা হয়। বিষয়টি অদ্ভুত মনে হওয়ায় আমি ক্ষোভ প্রকাশ করে কাপড় নিয়েই চলে আসি।’
তিনি আরও বলেন, মূলত মায়ের জন্য নির্দিষ্ট মাপের ম্যাক্সি পাওয়া যায় বলেই আড়ংয়ে গিয়েছিলেন। অন্যথায় তিনি সাধারণত সেখান থেকে নিজের জন্য কেনাকাটা করেন না।
এ বিষয়ে জানতে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
