সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির তীব্র উত্তেজনার মধ্যে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) গালফ নিউজের লাইভ আপডেটে জানানো হয়, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং যেকোনো সময় এর অবনতি হতে পারে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, পুরো অঞ্চলের পরিস্থিতির ওপর তারা সার্বক্ষণিক নজর রাখছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার।

দূতাবাস আরও বলেছে, পরিস্থিতি স্বাভাবিক থাকতেই নাগরিকদের এই সুযোগে দেশ ছাড়ার ব্যবস্থা নেওয়া উচিত।

বর্তমানে রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম বিমানবন্দর চালু থাকলেও সৌদি আকাশসীমায় ঝুঁকি বাড়ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্ভাবনার কারণে আকাশপথে প্রায়ই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

এ কারণে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা, সম্ভাব্য বিলম্ব বা বাতিল হওয়ার তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যারা এখনই দেশ ছাড়তে পারবেন না বা সৌদি আরবে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্যও কিছু জরুরি নির্দেশনা দিয়েছে দূতাবাস। এর মধ্যে রয়েছে— নিজের বাসা বা নিকটবর্তী ভবনে একটি নিরাপদ আশ্রয়স্থল নির্ধারণ করা, পর্যাপ্ত খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা।

এ ছাড়া অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা এবং দূতাবাসের সর্বশেষ নির্দেশনার দিকে নজর রাখারও আহ্বান জানানো হয়েছে।