কেনাকাটার পর কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি (Saddam Hossain Abhi) এ নোটিশ পাঠান।
রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে।
আইনজীবী অভি নোটিশে উল্লেখ করেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ংয়ের বিভিন্ন শোরুমে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী।
তিনি বলেন, দেশে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত এ ধরনের কার্যক্রম করছে না। অথচ গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য অতিরিক্ত টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাকে হাতে করে কাপড় বহন করতে হচ্ছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা যাচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, আড়ংয়ের এই কার্যক্রম ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতার মান লঙ্ঘন করছে। এতে অন্যান্য ব্র্যান্ড প্রতিষ্ঠানও ভবিষ্যতে ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ে উৎসাহিত হতে পারে।
এ কারণে অবিলম্বে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে আড়ং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও নোটিশে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ প্রদান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, একই ইস্যুতে এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা (Nishat Farzana) আড়ংকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
