রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। প্রকাশ্যে তাকে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক (Mohammad Faruk) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় রাকিবুল ইসলামকে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
