রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের রোমাঞ্চে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে মাত্র ১৭ রানেই তিন উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে আউট করেন তাসকিন। পরের ওভারে মাজ সাদাকাতকে ফেরান নাহিদ রানা। এরপর নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে পাঠান তাসকিন।

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন গাজি ঘুরি ও আব্দুল সামাদ। তবে বড় জুটি গড়তে পারেননি তারা। ৩৯ বলে ২৯ রান করে আউট হন ঘুরি এবং ৪৫ বলে ৩৪ রান করে ফিরে যান সামাদ।

একশর আগেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। সেই সময় দলের হাল ধরেন সালমান আলি আগা। তাকে সঙ্গ দেন সাদ মাসুদ। অভিষিক্ত এই ব্যাটার ভালো শুরু পেলেও ৩৮ রানে তাকে বোল্ড করেন মুস্তাফিজুর রহমান।

এরপর ফাহিম আশরাফের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন সালমান আলি আগা। কিন্তু তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৯ রান করে আউট হন ফাহিম। শেষদিকে লড়াই চালিয়ে গেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি সালমান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন তাসকিন আহমেদ।

এর আগে টস জিতে পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বাংলাদেশকে ব্যাট করতে পাঠান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান।

সাইফ হাসান ৫৫ বলে ৩৬ রান করে আউট হন। এরপর নাজমুল হোসেন শান্ত ২৭ রান করে সাজঘরে ফেরেন।

দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ১০৭ বলে ১০৭ রান করেন তিনি, যার মধ্যে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।

চতুর্থ উইকেটে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় ৬৮ রানের জুটি গড়েন। লিটন ৪১ রান করে আউট হন। পরে তাওহীদ হৃদয় অপরাজিত ৪৮ রান করেন। শেষদিকে আফিফ হোসেন অপরাজিত থাকেন ৫ রানে।

নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ তোলে ২৯০ রান।

পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন হারিস রউফ। আবরার আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি নেন একটি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে দুই দলের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।