যুক্তরাষ্ট্রে ৯/১১–এর মতো একটি হামলার ঘটনা সাজিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র হতে পারে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এ বিষয়ে আলজাজিরার প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়েছে।
লারিজানি বলেন, ‘আমি শুনেছি এপস্টাইনের চক্রের বাকি সদস্যরা ৯/১১–এর মতো একটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে এবং সেটির দায় ইরানের ওপর চাপাতে চায়।’
তিনি আরও বলেন, ইরান এমন কোনো সন্ত্রাসী পরিকল্পনার কঠোর বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ নেই।
এদিকে ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সরকারের কিছু নথি প্রকাশিত হয়েছে, যেখানে মৃত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টাইনের সঙ্গে প্রভাবশালী ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের সম্পর্কের তথ্য উঠে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় এপস্টাইনকে ‘বিকৃত’ বলে আখ্যা দিয়েছিলেন, অতীতে তার সঙ্গে একাধিকবার ছবি তুলেছিলেন। এপস্টাইনের বিরুদ্ধে বহু বছর ধরে তরুণী ও কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ ছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে তেহরান এপস্টাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অভিজাতদের সম্পর্কের বিষয়টি সামনে এনে ওয়াশিংটনের প্রতিপক্ষদের নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।


