‘মারা গেছেন’ গুঞ্জনের জবাব: ভিডিওতে ১০ আঙুল দেখিয়ে কফি হাতে বার্তা দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু

ইন্টারনেটে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন আর জল্পনার ভিড়ে অবশেষে নিজেই সামনে এলেন বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন—তিনি এখনও জীবিত, এবং তার দুই হাতে রয়েছে সাধারণ মানুষের মতোই ১০টি আঙুল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাকে ঘিরে অদ্ভুত এক গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তার হাতে ১০টির বেশি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করেন অনেক নেটিজেন। কেউ কেউ আবার সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তিতে তৈরি ভিডিও বলে আখ্যা দেন। বিষয়টি দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই শুরু হয় তার মৃত্যু সংক্রান্ত নানা জল্পনা।

এই পরিস্থিতির মধ্যেই রোববার অনলাইনে প্রকাশ করা নতুন এক ভিডিওতে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখা যায়। সেখানে একটি ক্যাফেতে বসে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই একটি ক্যাপুচিনো কফির মগ হাতে তুলতে দেখা যায় নেতানিয়াহুকে। পরিবেশ ছিল স্বচ্ছন্দ, আর তার আচরণেও ছিল হালকা ব্যঙ্গের সুর।

ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, ইন্টারনেটে তারা বলছে যে প্রধানমন্ত্রী মারা গেছেন? এরপর একটু হাস্যরস মিশিয়েই যোগ করেন—আসলে আমি কফির জন্য মরছি।

এরপর নিজের শারীরিক সুস্থতা ও উপস্থিতির প্রমাণ দিতে দুই হাতের আঙুল ক্যামেরার সামনে ছড়িয়ে ধরেন তিনি। স্পষ্টভাবেই দেখা যায়, তার দুই হাতে মোট ১০টি আঙুলই রয়েছে। মুহূর্তটি যেন ইচ্ছাকৃতভাবেই দেখানো—গুঞ্জনের জবাব দিতে সরাসরি ভিজ্যুয়াল প্রমাণ। তারপর তিনি শান্তভাবে কফিতে চুমুক দেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেতানিয়াহুর একটি ভিডিও ভাষণ প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। সেখানে তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করেন অনেক ব্যবহারকারী। সেই ভিডিওকে কেন্দ্র করে অনেকে সেটিকে ভুয়া কিংবা এআই-জেনারেটেড বলে প্রচার করতে থাকেন। এমনকি একপর্যায়ে তার মৃ’\ত্যুর খবরও অনলাইনে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে নতুন ভিডিও বার্তাটি প্রকাশের মাধ্যমে নেতানিয়াহু কার্যত এসব গুজবের জবাব দিয়েছেন।

সূত্র: এপি (AP)