বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক—প্রজ্ঞাপন জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১০ মার্চ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটি গঠন বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের জন্য প্রণীত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’ (৩১ আগস্ট ২০২৫ সালের সংশোধনী) অনুযায়ী এডহক কমিটি গঠনের ক্ষেত্রে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

সভাপতির যোগ্যতায় নতুন মানদণ্ড

নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে।

তবে বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান কিংবা অন্য কোনো বিশেষ যোগ্যতা থাকলে মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী ভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মনোনয়ন প্রক্রিয়ায় একাধিক ধাপ

এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তিনজন প্রার্থীর নাম প্রস্তাব করবেন।

মহানগর এলাকায় এই প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে পাঠাতে হবে।

প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থাকতে পারেন—সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক বা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

এই তিনজনের নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠানো হলে বোর্ড তাদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করবে।

নতুন এই নির্দেশনার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কাঠামোয় শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব আরও বাড়ানো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।