পবিত্র ঈদুল ফিতরের আগে পোশাক কেনাকাটার পর নারীদের নজর কসমেটিকস, গহনা ও সাজসজ্জার দিকে। রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতা-দোকানির ব্যস্ততা চোখে পড়ার মতো। কালার কসমেটিকস, স্কিন কেয়ার, লিপস্টিক, ফাউন্ডেশন, আই শ্যাডো, পারফিউম, শ্যাম্পু ও নেইলপলিশের চাহিদা বেশি। তরুণ-তরুণী ও কর্মজীবী নারী ক্রেতারা পোশাকের সঙ্গে মানিয়ে সাজসজ্জার পণ্য কিনছেন।
বিভিন্ন মার্কেটে দেখা গেছে, ভারত, থাইল্যান্ড, দুবাই ও জার্মানির প্রসাধনী পণ্যের চাহিদা বেশি। বিদেশি ব্র্যান্ডের মধ্যে হুদা বিউটি, কিস বিউটি, পিংক ফ্লাশ, টেকনিক, মেবিলিনের পণ্য বিক্রি সবচেয়ে বেশি। দেশীয় ব্র্যান্ডের মধ্যে পন্ডস, মডার্ন, চন্দন, জেসমিন জনপ্রিয়। এছাড়া শিশু-কিশোর ও তরুণেরা হাত মেহেদি করতেও ব্যস্ত।
মার্কেটের দোকানদাররা জানিয়েছেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন। ক্রেতারা মূলত মাট ফিনিশ ও ওয়াটারপ্রুফ মেকআপ পণ্য, লিপস্টিক, লিপলাইনার, ফেসওয়াশ, শাওয়ার জেল, কন্ডিশনার, বডি স্প্রে, পারফিউম ও অন্যান্য সাজসজ্জার সামগ্রী কিনছেন।
