ঈদযাত্রায় ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা’—প্রশ্ন তুললেন শফিকুর রহমান

ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শফিকুর রহমান (Shafiqur Rahman)। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, দেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে কি না।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর এই আমির বলেন, ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ওপর চরম জু’\লুম চলছে। তার ভাষায়, ঈদকে সামনে রেখে সারা বছর ধরে অপেক্ষা করেন সাধারণ মানুষ—প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার আশায়। কিন্তু সেই আনন্দযাত্রাই এবার পরিণত হয়েছে ভোগান্তির প্রতীকে।

তিনি আরও লিখেছেন, “ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল।” এই পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দেওয়া বক্তব্যই এই সংকটের ভিত্তি তৈরি করেছে।

পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতে বলা হয়েছে যে বাসমালিকরা স্বাভাবিকের তুলনায় কম ভাড়া নিচ্ছে। অথচ বাস্তবে তা ‘চরম মিথ্যাচার’ বলে দাবি করেন তিনি।

জনগণের দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, “এই দুঃখ-আফসোস দেখবে কে?” একই সঙ্গে সতর্ক করে বলেন, কেউ যদি আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তবে জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না।

শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সময় থাকতে সাবধান হওয়া প্রয়োজন। অন্যথায় যারা এই পরিস্থিতির জন্য দায়ী, তাদেরই এর পরিণতি বহন করতে হবে।