নওরোজ ও ঈদে ঐক্যের আহ্বান মোজতবা খামেনির, বিক্ষোভ নিয়ে মন্তব্য

ফার্সি নববর্ষ নওরোজ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি (Mojtaba Khamenei)। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এই দুটি উৎসবকে একসঙ্গে উদযাপনের তাৎপর্য তুলে ধরেন।

বার্তায় তিনি বলেন, ‘এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত—অর্থাৎ ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে এসেছে। আমি এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।’

এদিকে জানুয়ারিতে দেশজুড়ে হওয়া সরকারবিরোধী বিক্ষোভের প্রসঙ্গ টেনে মোজতবা খামেনি এটিকে ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দেন। তার মতে, অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে এই পরিস্থিতি দেশের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছিল।

নতুন সৌর বছর উপলক্ষে তিনি এটিকে ‘জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর’ হিসেবে ঘোষণা করেন। তার এই মন্তব্য ও বার্তা এমন এক সময়ে এলো, যখন দেশটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা চাপে রয়েছে।