ওয়ান-ইলেভেন সরকারের সময় আলোচনায় থাকা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রে’\প্তারকে বর্তমান সরকারের ‘ভালো সূচনা’ হিসেবে দেখছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)। তিনি একইসঙ্গে ওই সময়কার ঘটনাবলির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ওয়ান-ইলেভেনের ‘প্রধান ক্রীড়নক’ হিসেবে উল্লেখ করা মাসুদ চৌধুরীর গ্রে’\প্তার বর্তমান সরকারের একটি ইতিবাচক সূচনা। তিনি বলেন, এখন প্রয়োজন ওই সময়ের ঘটনাবলির আদ্যোপান্ত তদন্ত করা, এমনকি ২০০৮ সালের নির্বাচন নিয়েও অনুসন্ধান হওয়া উচিত।
তিনি দাবি করেন, ওয়ান-ইলেভেন দেশের বিভিন্ন সংকট ও বিতর্কিত ঘটনার সূচনা করেছে। তার ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে সংঘটিত নানা ঘটনা—গুম, নির্যাতন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া—সবকিছুর পেছনে ওই সময়কার প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফারুকী আরও বলেন, একটি ট্রমা-আক্রান্ত জাতির সামনে এগিয়ে যেতে হলে দুটি বিষয় অত্যন্ত জরুরি—বিচার এবং স্মৃতি সংরক্ষণ। তার মতে, স্মৃতি সংরক্ষণ বলতে ইতিহাসকে সংরক্ষণ করা বোঝায়, যা মিউজিয়াম, ডকুমেন্টেশন বা গবেষণার মাধ্যমে করা যেতে পারে।
তিনি ব্যাখ্যা করেন, এই দুটি প্রক্রিয়া সম্পন্ন হলে জাতি অতীতের অধ্যায় থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর সুযোগ পায়। কিন্তু বিচার ও স্মৃতি সংরক্ষণ অসম্পূর্ণ রেখে ‘সব ভুলে যাওয়ার’ চেষ্টা করলে তা নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
তার ভাষায়, এতে একদিকে অপরাধীদের উৎসাহিত করা হয়, অন্যদিকে মানুষের সম্মিলিত স্মৃতিতে ক্ষোভ থেকে যায়, যা জাতিগত ‘হিলিং’-এর জন্য অনুকূল নয়।
