ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়—নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস (U.S. Embassy Dhaka)। ভিসা হাতে থাকলেই যে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত—এমন ধারণাকে সরাসরি ভুল প্রমাণ করে দিয়েছে দূতাবাসের সাম্প্রতিক বার্তা।

শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্রে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নয়। চূড়ান্ত সিদ্ধান্তটি নেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা, যিনি নির্ধারণ করেন একজন ভ্রমণকারী দেশটিতে ঢুকতে পারবেন কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন।

বার্তায় আরও বলা হয়, ভিসা থাকার পরও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যেকোনো ব্যক্তিকে প্রবেশে বাধা দিতে পারেন। ফলে ভ্রমণকারীদের জন্য ভিসার শর্তাবলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষভাবে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করা—যেমন পর্যটক ভিসায় চাকরি করা—গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের লঙ্ঘনের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হতে পারে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান করা এবং নির্ধারিত সময় শেষে দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে।

সম্প্রতি অতিরিক্ত সময় অবস্থান, ভিসা জালিয়াতি এবং নিয়ম ভঙ্গের ঘটনা ঠেকাতে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবেই দূতাবাস নিয়মিত এ ধরনের সতর্কবার্তা দিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে।