যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান দ্রুত শেষ করে সেখান থেকে সরে আসার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা (Al Jazeera)-এর বরাতে এ তথ্য জানা গেছে।
কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে ইরান সরকারকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দিতে আরও কিছু সময় অভিযান অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরো কিছু সময় এই অভিযান চালিয়ে যাবেন, যাতে আমরা চলে যাওয়ার পর আবার এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।’
ভ্যান্সের ভাষায়, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে ইরান সরকারকে দীর্ঘ সময়ের জন্য কার্যত অকার্যকর করে দেওয়া, যাতে ভবিষ্যতে একই ধরনের সংঘাতের পুনরাবৃত্তি না ঘটে।
এদিকে চলমান সংঘাতের প্রভাব হিসেবে জ্বালানির দামে কিছুটা ঊর্ধ্বগতির কথাও স্বীকার করেন তিনি। তবে এটিকে সাময়িক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি খুবই স্বল্পমেয়াদি প্রভাব, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
তিনি আরও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ইরানে অবস্থান করতে চায় না। তার ভাষায়, ‘আমরা এক বা দুই বছর ইরানে থাকতে আগ্রহী নই। কাজ শেষ করেই দ্রুত সরে আসব।’


