ইরান কখনোই পরমাণু অ’স্ত্র তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই (Esmail Baghaei)। সোমবার রাজধানী তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
তিনি জানান, পরমাণু অ’স্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি (Nuclear Non-Proliferation Treaty)-তে স্বাক্ষর করার পর ইরান বাস্তবে কতটা সুবিধা পাচ্ছে—তা নিয়ে দেশটির পার্লামেন্ট ও সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে।
১৯৭০ সালে কার্যকর হওয়া এই আন্তর্জাতিক চুক্তির মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী পরমাণু অ’স্ত্রের বিস্তার ঠেকানো। একই সঙ্গে সদস্য দেশগুলোকে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির গবেষণা ও উন্নয়নের সুযোগ দেওয়ার কথাও এতে উল্লেখ রয়েছে।
ইসমাইল বাগাই বলেন, ইরান এখনো এই চুক্তির প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে চুক্তির আওতায় একটি সদস্য রাষ্ট্র হিসেবে যে অধিকারগুলো পাওয়ার কথা, তা ইরান বাস্তবে কতটা ভোগ করতে পারছে—সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে এ বিষয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র (United States)। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে গোপনে পরমাণু অ’স্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগও তোলা হয়েছে।


