মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান (Ahmed Azam Khan) জানিয়েছেন, আওয়ামী লীগ আমলে তন্ত্র-মন্ত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া অমুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন (Mohammad Shamim Kaiser Linkon)-এর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “যারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন—সংসদ সদস্য আজ যে বিষয়টি উত্থাপন করেছেন—আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে তা নিয়ে কাজ করছি। এ ধরনের অমুক্তিযোদ্ধারা তন্ত্র-মন্ত্রের মাধ্যমে তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দেওয়া হয়েছে এবং তারাও বিভিন্নভাবে অবৈধ সুবিধা পেয়েছেন।”
তিনি আরও জানান, এসব অমুক্তিযোদ্ধাকে শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তাদের সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।
