যুক্তরাষ্ট্র এই যুদ্ধের এমন একটি সমাপ্তি চায়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর শর্ত অনুযায়ী হবে এবং মার্কিন স্বার্থ পুরোপুরি রক্ষা করবে—এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (Pete Hegseth)।
মঙ্গলবার (৩১ মার্চ) পেন্টাগনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো একটি চুক্তির মাধ্যমে চলমান যুদ্ধের সমাপ্তি ঘটানো। তবে ইরান যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণে আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও সতর্ক করেন তিনি।
হেগসেথ বলেন, “আমাদের কাজ হলো ইরানকে বোঝানো—একটি চুক্তিতে পৌঁছানোই তাদের বর্তমান শাসনব্যবস্থার জন্য মঙ্গলজনক। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। তবে কোনো চুক্তি সম্ভব না হলে আমরা যুদ্ধ চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলকে ‘বোমা মেরে আলোচনা’ হিসেবে উল্লেখ করেন। অর্থাৎ, আলোচনার সুযোগ খোলা থাকলেও সামরিক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিরক্ষামন্ত্রী আরও স্পষ্ট করে জানান, ইরানে মার্কিন সামরিক লক্ষ্য কখন পূরণ হয়েছে এবং কখন একটি চুক্তি মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এককভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে এক প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, “প্রয়োজনে আমরা সব ধরনের সামরিক বিকল্প ব্যবহার করতে পারি, আবার হয়তো তা প্রয়োজন নাও হতে পারে। আমাদের রণকৌশল হবে এমন, যাতে শত্রুপক্ষ আগে থেকে কিছু অনুমান করতে না পারে।”
ন্যাটো মিত্রদের সমালোচনা করে তিনি বলেন, সংকটের সময়ে তারা প্রত্যাশিত সহায়তা না দিয়ে বরং যুক্তরাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে। একই সঙ্গে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নিতে।


