ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন (China) ও পাকিস্তান (Pakistan)। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে দেশ দুটি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এই আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সামরিক সমাধানের বদলে আলোচনার টেবিলে ফিরে আসাই একমাত্র কার্যকর পথ।
বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা কাটিয়ে উঠতে জরুরি পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটেই যৌথভাবে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে বেইজিং ও ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুই দেশ একটি ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা করেছে, যার মূল লক্ষ্য উত্তেজনা হ্রাস এবং সংলাপের মাধ্যমে সংকট নিরসন।
বেইজিংয়ে আলোচনার পর পারস্য উপসাগর ও ইরানে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (Wang Yi) এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার (Ishaq Dar) এই উদ্যোগ তুলে ধরেন।
এই পাঁচ দফা প্রস্তাবে বলা হয়েছে—
প্রথমত, মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দ্বিতীয়ত, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত শান্তি আলোচনা শুরু করা প্রয়োজন। এ ধরনের আলোচনায় সব পক্ষকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও পাকিস্তান।
তৃতীয়ত, বেসামরিক নাগরিকদের ওপর এবং সামরিক নয় এমন স্থাপনায় হামলা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
চতুর্থত, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে হবে, যাতে বৈশ্বিক বাণিজ্য বাধাগ্রস্ত না হয়।
পঞ্চমত, জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বিস্তৃত ও টেকসই শান্তি কাঠামো গড়ে তুলতে হবে।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে চীন ও পাকিস্তান স্পষ্ট করেছে যে, তারা সংঘাত নয়—বরং আলোচনাভিত্তিক সমাধানকেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার একমাত্র পথ হিসেবে দেখছে।


