মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও কটুক্তির অভিযোগে শাওন মাহমুদ (৩৫) নামে এক যুবককে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জুশুরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসার পর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাওন মাহমুদ শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল এলাকার বাসিন্দা।
স্থানীয় যুবদল কর্মী উজ্জ্বল খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে শাওনের ফেসবুক পোস্টে অকথ্য ভাষা ব্যবহার করা হয়, যা লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। পরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, যুবকের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
