ট্রাম্পকে ঘিরে জনি ডেপের পুরনো মন্তব্য ফের ভাইরাল, নতুন করে বিতর্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হলিউড তারকা জনি ডেপ-এর একটি পুরনো মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প-কে নিয়ে করা তার সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফের ভাইরাল হয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।

২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এক সাক্ষাৎকারে জনি ডেপ বলেছিলেন, “যদি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বেশ উত্তেজনাকর হবে। কারণ সম্ভবত আমরা যুক্তরাষ্ট্রের ‘শেষ প্রেসিডেন্ট’কে দেখতে যাচ্ছি। এরপর আর রাষ্ট্রব্যবস্থা এভাবে কাজ করবে না।”

বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ডেপের অনেক সমর্থক এই মন্তব্যকে ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করছেন। তাদের মতে, সাম্প্রতিক পরিস্থিতি অভিনেতার বক্তব্যকে নতুনভাবে প্রাসঙ্গিক করে তুলেছে।

অন্যদিকে, ট্রাম্প সমর্থকদের মধ্যে এ মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা হলিউড অভিনেতার বক্তব্যের কড়া সমালোচনা করছেন, কেউ কেউ বিদ্রূপও করছেন তাকে ঘিরে।

এই বিতর্কের মধ্যেই সমালোচকরা ডেপের ব্যক্তিগত জীবনের বিষয়ও সামনে টানছেন। বিশেষ করে তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড-এর সঙ্গে আইনি লড়াই আবার আলোচনায় এসেছে।

২০১৭ সালে এই জুটির ১৮ মাসের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সে সময় জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। বিচ্ছেদের সমঝোতা হিসেবে ‘অ্যাকুয়াম্যান’খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ড ৭ মিলিয়ন ডলার পান।

সূত্র: সামা টিভি