‘বাপের দোয়া নয়, তদন্তের ভিত্তিতেই কমিটি’— সংসদে বিসিবি ইস্যুতে সালাহউদ্দিনের জবাব

জাতীয় সংসদে সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে গঠিত আহ্বায়ক কমিটি কোনোভাবেই “বাপের দোয়া–মায়ের দোয়া” ভিত্তিক নয়, বরং তদন্তের ভিত্তিতেই এটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রিকেট বোর্ডসহ দেশের বিভিন্ন ক্লাবে প্রভাব বিস্তার করছিল অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান সরকার বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করে এবং সেই তদন্তের ভিত্তিতেই বিসিবির বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

তিনি স্পষ্টভাবে বলেন, “এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।” তার বক্তব্যে বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়াকে বৈধ ও তদন্তনির্ভর হিসেবে তুলে ধরার চেষ্টা লক্ষ্য করা গেছে।

এর আগে একই অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিসিবি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না এবং এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে। তার ওই মন্তব্যের প্রেক্ষিতেই সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দেন সালাহউদ্দিন আহমদ।