আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৮ এপ্রিল) তিনি জানান, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকলে হাইকোর্ট সার্টিফিকেট দিতে পারে। তিনি বলেন, “আমরা সংবিধানের ব্যাখ্যার জন্য সেই সার্টিফিকেট চেয়েছিলাম। তাই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আপিল বিভাগে হওয়াই সমীচীন।”
রাষ্ট্রের পক্ষে অবস্থান ব্যাখ্যা করে অ্যাটর্নি জেনারেল বলেন, যেহেতু এই বিষয়ে সাংবিধানিক ব্যাখ্যার প্রশ্ন জড়িত, সেহেতু দ্রুতই আপিল দায়ের করা হবে।
এর আগে ৭ এপ্রিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। একই রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্ট-এর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বিচারপতি আহমেদ সোহেল ও দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ১৮৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
