ইসলামাবাদে আলোচনার মধ্যেই ট্রাম্পের দাবি—‘ভয়াবহভাবে হারছে ইরান’

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান থাকলেও, এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নতুন করে উত্তেজনাপূর্ণ মন্তব্য করেছেন। শনিবার (১১ এপ্রিল) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল (Truth Social)-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চলমান সংঘাতে ইরান (Iran) ভয়াবহভাবে পিছিয়ে পড়ছে।

পোস্টে ট্রাম্প লেখেন, গণমাধ্যমের অনেকেই বারবার বলছে ইরান এগিয়ে আছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। তার ভাষায়, ‘সবাই জানে তারা হারছে, এবং খুব বড়ভাবে হারছে।’

এরপর তিনি সংঘাতের সময় তার প্রশাসনের অবস্থান ও সামরিক দাবিগুলো আবারও সামনে আনেন। ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে গেছে। তাদের বিমানবাহিনীও ধ্বংসপ্রায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, রাডার অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানার বড় অংশসহ বিপুল সামরিক সক্ষমতা নষ্ট হয়ে গেছে বলেও তিনি দাবি করেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য হিসেবে তিনি বলেন, ইরানের দীর্ঘদিনের ‘নেতারা’ আর যুক্তরাষ্ট্রের সামনে নেই।

সমুদ্রে মাইন পুঁতে রাখার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বিভিন্ন দেশের স্বার্থে হরমুজ প্রণালি (Strait of Hormuz) পরিষ্কারের কাজ শুরু করেছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই (Esmail Baghaei) পাল্টা দাবি করেছেন, একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। সেটি ইরানের সশস্ত্র বাহিনীর নিবিড় নজরদারির মধ্যে পড়ে। এই তথ্য তাৎক্ষণিকভাবে পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচক দলকেও জানানো হয় বলে তিনি জানান।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি (BBC)-র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও মার্কিন কর্মকর্তাদের বরাতে জানান, মার্কিন যু’\দ্ধজাহাজগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে এই তথ্য অস্বীকার করেছে।

মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন যু’\দ্ধজাহাজ ‘ইউএসএস মাইকেল মারফি’ আজ দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালির পশ্চিম অংশের কাছাকাছি পৌঁছেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির গন্তব্য হিসেবে ‘সিঙ্গাপুর’ দেখানো হয়েছে।

এমন এক সময় মার্কিন যু’\দ্ধজাহাজটির এই অগ্রযাত্রার খবর সামনে এলো, যখন ইরান স্পষ্ট করে জানিয়েছে—বর্তমান পরিস্থিতিতে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না। ফলে ইসলামাবাদের কূটনৈতিক আলোচনা যতই চলুক, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মাত্রা এখনো কমেনি।