যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর প্রকাশ্য সমালোচনার পরও নিজের অবস্থান থেকে সরে না যাওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন পোপ চতুর্দশ লিও (Pope Leo XIV)। তিনি জানিয়েছেন, চার্চের দায়িত্ব পালনে তিনি অটল থাকবেন এবং শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখবেন।
সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, তিনি কোনো অপ্রয়োজনীয় বিতর্কে জড়াতে চান না। তার বক্তব্য কাউকে আক্রমণ বা রাজনৈতিকভাবে চাপে ফেলার উদ্দেশ্যে নয়। বরং বর্তমান অস্থির বিশ্বে সবাইকে শান্তি, সংলাপ ও পুনর্মিলনের পথ খোঁজার আহ্বান জানান তিনি। এ খবর প্রকাশ করেছে সিএনএন (CNN)।
ইরান যুদ্ধ ইস্যুতে নিজের মন্তব্য নিয়ে ওঠা সমালোচনার জবাবে পোপ বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো যু’\দ্ধ এড়ানোর সব সম্ভাব্য পথ খুঁজে বের করা। তার ভাষায়, এই দায়িত্ব শুধু একটি দেশের নয়—বিশ্বের সব পক্ষেরই রয়েছে।
তিনি বলেন, চার্চের বর্তমান দায়িত্ব থেকে তিনি একচুলও সরে আসবেন না। কারণ, বিশ্বজুড়ে চার্চের মূল মিশনই হলো মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া এবং সংঘাত কমানোর চেষ্টা করা।
এ প্রসঙ্গে পোপ স্পষ্ট ভাষায় বলেন, “আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। আমি গসপেলের বার্তা আরও জোরালোভাবে তুলে ধরব।” তবে একই সঙ্গে তিনি পরিষ্কার করেন, চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা কোনো দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না।
নিজেকে শান্তির দূত হিসেবে উল্লেখ করে পোপ লিও বলেন, তার প্রধান লক্ষ্য মানুষকে সংঘাত, বিভাজন ও মুখোমুখি অবস্থান থেকে দূরে রাখা। তিনি চান, বিশ্ব আরও বেশি সংলাপনির্ভর হোক এবং উত্তেজনার বদলে বোঝাপড়ার পথে এগোক।
এর আগে ১২ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পোপের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, এমন কোনো পোপকে তিনি পছন্দ করেন না, যিনি এমন অবস্থান নেন যা পারমাণবিক হুমকিকে হালকাভাবে দেখার মতো বার্তা দিতে পারে।
ট্রাম্পের দাবি, বিশ্ব এমন এক সময়ের মধ্যে আছে, যখন পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর ঝুঁকি অত্যন্ত সংবেদনশীল। এ অবস্থায় দুর্বল বার্তা আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।
শুধু সমালোচনাতেই থেমে থাকেননি ট্রাম্প। তিনি পোপকে “দুর্বল” বলেও আখ্যা দেন এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো জটিল বিষয়ে তাকে অনুপযুক্ত বলেও মন্তব্য করেন। তবে এসব বক্তব্যের পরও পোপ লিওর সাম্প্রতিক অবস্থান থেকে স্পষ্ট—তিনি শান্তির পক্ষে নিজের অবস্থান বদলাতে রাজি নন।


