রণবীর-দীপিকার দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, সত্যি নাকি নিছক জল্পনা?

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে ঘিরে আবারও ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘ প্রেম আর আট বছরের দাম্পত্য জীবন কি তবে শেষের পথে—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তাদের ভক্তদের মনে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে একটি ভাইরাল পোস্ট থেকেই এই জল্পনার সূত্রপাত। সেখানে দাবি করা হয়, রণবীর ও দীপিকার সম্পর্কে দীর্ঘদিনের মতবিরোধ চরমে পৌঁছেছে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন এই তারকা দম্পতি।

এই গুঞ্জনের প্রভাব পড়েছে ভক্তদের মধ্যেও। বিশেষ করে তাদের কন্যা দুয়া’র ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তবে এখন পর্যন্ত এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি রণবীর সিং (Ranveer Singh) কিংবা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে রণবীর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ছবিটির সাফল্যের সময়ে দীপিকার নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এমনকি প্রিমিয়ারেও তাকে অনুপস্থিত দেখা যাওয়ায় জল্পনা আরও তীব্র হয়। যদিও পরে সমালোচনার জবাবে দীপিকা জানান, তিনি ছবিটি সবার আগেই দেখে ফেলেছেন।

এদিকে এই তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিচ্ছেদের খবর পুরোপুরিই ভিত্তিহীন। এর আগেও ২০২৪ সালে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরবর্তীতে নাকচ করেছিলেন রণবীর নিজেই। তখন তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই এবং তারা দাম্পত্য জীবনে ভালো আছেন।

ভক্তদের একাংশের মতে, গ্ল্যামার জগতে এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়—অনেক সময় বাস্তবতার সঙ্গে যার কোনো মিল থাকে না। তাই ‘বাজিরাও-মাস্তানি’খ্যাত এই জুটির সম্পর্ক নিয়ে যতই আলোচনা চলুক, প্রকৃত সত্য জানতে এখন অপেক্ষাই একমাত্র ভরসা।