দেশের শিল্প ও সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত (Hanif Sanket)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, খালেদা জিয়া (Khaleda Zia)-এর বোন সেলিমা ইসলাম, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed), মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার হিসেবে বহুমাত্রিক প্রতিভার পরিচয় দিয়েছেন। টেলিভিশনে তার যাত্রা শুরু হয়েছিল ফজলে লোহানীর জনপ্রিয় অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’-এর মাধ্যমে।
বাংলাদেশ টেলিভিশনে ‘ইত্যাদি’র প্রথম পর্ব প্রচারিত হয় ১৯৮৯ সালের মার্চে। সেই থেকে টানা তিন দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটি দর্শকদের মন জয় করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে অনুষ্ঠানটি ধারণ করার মাধ্যমে ‘ইত্যাদি’ যেন এক ধরনের সাংস্কৃতিক মানচিত্র নির্মাণ করেছে—যেখানে টেলিভিশনের ক্যামেরায় নতুন করে ধরা পড়েছে বাংলাদেশের বৈচিত্র্যময় মুখ।
‘স্বাধীনতা পুরস্কার’ দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় সম্মাননা, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
এর আগে হানিফ সংকেত ২০১০ সালে ‘একুশে পদক’ অর্জন করেন। পাশাপাশি জাতীয় পরিবেশ পদকেও ভূষিত হয়েছেন তিনি। ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা টেলিভিশন অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। দীর্ঘ এই পথচলার স্বীকৃতি হিসেবেই এবার তার হাতে উঠল স্বাধীনতা পুরস্কার।
