হরমুজ প্রণালিতে ভারতীয় তেলবাহী জাহাজে গু’\লি, উত্তেজনা ঘিরে নতুন শঙ্কা

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি (Strait of Hormuz) অতিক্রমের সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গু’\লি চালানোর ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভারতের সরকারি সূত্র এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রণালিটি অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানি গানবোট থেকে গু’\লি চালানো হয়। ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’—নামের জাহাজ দুটি এই হামলার মুখে পড়ে। যদিও এ ঘটনায় কেউ নি’\হত বা আ’\হত হননি এবং জাহাজের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি, তবুও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ দুটিকে ফিরে যেতে বাধ্য হতে হয়।

এর আগে একই দিনে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের আরেকটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করেন, যা পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়ে তোলে।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারত সরকার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে দিল্লি ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, ভারতের উদ্দেশ্যে যাওয়া সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ইরান আবারও হরমুজ প্রণালিকে কঠোর নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি (IRGC) তাদের এক পোস্টে জানায়, “ইরানগামী বা ইরান থেকে আসা জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে, ততদিন এই প্রণালি আগের মতো কঠোর নিয়ন্ত্রণে থাকবে।”

আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাচ্ছে, যা তাদের ভাষায় ‘জলদস্যুতা ও সামুদ্রিক চুরি’র শামিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)-এর খবরে এই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

সব মিলিয়ে, হরমুজ প্রণালিকে ঘিরে এই নতুন উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে।