অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে কঠোর পদক্ষেপ, অভিযান জোরদারের ঘোষণা

দেশে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রবণতা ঠেকাতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। তিনি বলেন, এ অনিয়ম প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আরও কঠোর নজরদারির আওতায় আনা হচ্ছে পুরো প্রক্রিয়াকে।

মন্ত্রী জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নিজস্ব জনবল দিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। এসব টিম নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনা করছে, যার মাধ্যমে অবৈধ সংযোগ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জরিমানা আদায় এবং বিদ্যুৎ আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, কেবল গ্রাহক নয়—অবৈধ সংযোগে জড়িত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ ব্যবহার চিহ্নিত করতে মিটার চেকিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ফিডারভিত্তিক বিদ্যুৎ ব্যবহার পর্যবেক্ষণের জন্য অটোমেটেড মিটার রিডিং সিস্টেম স্থাপন করা হচ্ছে।

অন্যদিকে, বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত গণশুনানি, গ্রাহকদের সঙ্গে আলোচনা এবং লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি মাইকিং, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট এবং মসজিদের ইমামদের মাধ্যমে প্রচার চালিয়ে গ্রাহকদের অবৈধ সংযোগের ঝুঁকি, সম্ভাব্য শাস্তি এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে অবহিত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল হঠাৎ করে আগের মাসের তুলনায় অস্বাভাবিকভাবে কমে গেলে তা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সংযোগের সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এছাড়া ধীরে ধীরে পোস্ট-পেইড মিটার পরিবর্তন করে ডিজিটাল, প্রি-পেইড এবং স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।