ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় দেখা গেছে, মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কয়েকজন প্রভাবশালী নেতার স্ত্রী ও কন্যাও জায়গা পেয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।
যদিও দলীয়ভাবে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী বাছাইয়ে যোগ্যতা, ত্যাগ ও রাজনৈতিক অবদানের বিষয়টি প্রাধান্য পাবে, বাস্তবে তালিকায় নেতাদের স্বজনদের অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছে।
এর আগে ১৭ ও ১৮ এপ্রিল মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)সহ স্থায়ী কমিটির সদস্যরা। ওই সাক্ষাৎকারের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।


