১৯ বছরে অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য, আলোচনায় ফের সেই ৯০ লাখ টাকার বিয়ের শাড়ি

প্রেম, বিয়ে ও তারকাখ্যাতির নানা গল্পে বারবার আলোচনায় উঠে আসে বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ২০০৭ সালের ২০ এপ্রিল শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন, আর দেখতে দেখতে সেই পথচলা পেরিয়ে গেছে ১৯ বছর। এই দীর্ঘ সময়ে সম্পর্ক নিয়ে গুঞ্জন যেমন কম ওঠেনি, তেমনি তাদের ঘিরে ভক্তদের আগ্রহও কখনো কমেনি।

অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে ছিল সে সময়ের অন্যতম ‘হাইপ্রোফাইল’ আয়োজন। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর বাসভবন ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’ ঘিরে তখন উপচে পড়া ভিড় ছিল দর্শক ও গণমাধ্যমের। সামাজিক যোগাযোগমাধ্যম তখন এতটা শক্তিশালী না হলেও, এই বিয়ের প্রতিটি খুঁটিনাটি জানতে আগ্রহ ছিল তুঙ্গে। ফলে সীমিত পরিসরের আয়োজন হওয়ায় খুব বেশি ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি, যা রহস্য ও কৌতূহল—দুটোকেই আরও বাড়িয়ে দিয়েছিল।

তবে এত বছর পরও যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় থাকে, তা হলো ঐশ্বরিয়ার বিয়ের সাজ। ডিজাইনার নীতা লুল্লা (Neeta Lulla)-র তৈরি করা শাড়িতে সেজেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। সেই সময়েই শাড়িটির মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা। সোনা ও হিরার ভারী গয়নায় সাজানো সেই ব্রাইডাল লুক এখনো বলিউডের অন্যতম আইকনিক হিসেবে ধরা হয়। একই সঙ্গে শ্বশুরবাড়ি থেকে পাওয়া মঙ্গলসূত্র—যা জয়া বচ্চন (Jaya Bachchan) ও অমিতাভ বচ্চনের উপহার—তা নিয়েও কম আলোচনা হয়নি। এর মূল্যও কয়েক কোটি টাকার কাছাকাছি ছিল বলে শোনা যায়।

এই জাঁকজমকপূর্ণ আয়োজনের পেছনে ছিল এক রোমান্টিক গল্প। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘উমরাও জান’ ছবির সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন অভিষেক ও ঐশ্বরিয়া। তবে সম্পর্কের গভীরতা তৈরি হয় আরও পরে। অভিষেক নিজেই জানিয়েছেন, নিউইয়র্কের একটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে প্রায়ই ঐশ্বরিয়াকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নের শহরেই একদিন প্রিয় মানুষটিকে বিয়ের প্রস্তাব দেন।

এর আগে ২০০৭ সালের শুরুতে মুক্তি পাওয়া তাদের আরেকটি আলোচিত ছবি ‘গুরু’ সম্পর্ককে আরও দৃঢ় করে। পরে নিউইয়র্কেই ঐশ্বরিয়াকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন অভিষেক, আর সানন্দে সম্মতি জানান এই অভিনেত্রী। একই বছরের ২০ এপ্রিল হিন্দু রীতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউডের শীর্ষ তারকা, শিল্পী ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত সেই অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ, কিন্তু নিয়ন্ত্রিত। বিয়ের পর থেকেই তারা বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিতি পান।

২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম নেয় তাদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। পরিবারকেন্দ্রিক জীবন, সন্তানের লালন-পালন—সব মিলিয়ে সময়ের সঙ্গে তাদের জীবনের অগ্রাধিকারেও এসেছে পরিবর্তন।

যদিও মাঝেমধ্যে তাদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে, সাম্প্রতিক সময়ে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে সেই জল্পনাকে অনেকটাই নস্যাৎ করেছেন তারা। বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সরব উপস্থিতি চোখে পড়ছে। পুরোনো ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে, আর সেই সঙ্গে আবারও আলোচনায় উঠে এসেছে ঐশ্বরিয়ার সেই ৯০ লাখ টাকার বিয়ের শাড়ি—যা এত বছর পরও তাদের ভালোবাসার গল্পকে আলাদা করে মনে করিয়ে দেয়।