ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রস্তাব পেয়েও কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তাসনিম জারা (Tasnim Zara)। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক (Facebook) প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই দুঃখ প্রকাশ করে, সহানুভূতি জানিয়ে লিখেছেন যে তিনি সংসদে থাকছেন না। সেসব বার্তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কৃতজ্ঞতার সঙ্গেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
তাসনিম জারা লেখেন, সংসদে গিয়ে মানুষের স্বার্থের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। কিন্তু ঐকমত্য কমিশন (Consensus Commission)-এ তিনি আগেই বলেছিলেন, সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে, দলীয় মনোনয়নের মাধ্যমে নয়। তিনি এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছেন, ক্যাম্পেইন করেছেন এবং এ নিয়ে মানুষের স্বাক্ষরও সংগ্রহ করেছেন। তাই এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।
একই পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, আজ যারা সংসদে যাচ্ছেন, তাদের নিয়ে তার এই মন্তব্য নয়। তাদের অনেকেই অত্যন্ত যোগ্য ব্যক্তি, এবং তিনি তাদের সফলতা কামনা করেন। তার আপত্তি ব্যক্তি নয়, বরং পুরো ব্যবস্থাকে ঘিরে।
তার ভাষ্য অনুযায়ী, যিনি জনগণের ভোটে সংসদে যান, তিনি তার ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু যিনি দলীয় মনোনয়নে সংসদে যান, তার কোনো নির্বাচনি এলাকা থাকে না, কোনো ভোটারও থাকে না। এটি কোনো ব্যক্তির সততার প্রশ্ন নয়; বরং এটি একটি কাঠামোগত দুর্বলতার বিষয়।
তাসনিম জারা মনে করেন, মানুষ শেষ পর্যন্ত সেই প্রতিনিধির কাছেই জবাবদিহি দাবি করতে পারে, যার কাছে সরাসরি ভোটের সম্পর্ক রয়েছে। আর সেই কারণেই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বের প্রশ্নে তিনি তার অবস্থান থেকে সরে আসেননি।
