যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার মধ্যেই কড়া অবস্থান জানাল ইরান (Iran)। দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন, তেহরানের ‘হাত ট্রিগারেই আছে’ এবং প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে।
মেহের নিউজ (Mehr News)-এর প্রতিবেদনে বলা হয়, খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি বুধবার (২২ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং দেশটির ‘আগ্রাসী ও সন্ত্রাসী সেনাবাহিনীর কমান্ডারদের’ বারবার সতর্ক করা হচ্ছে যে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত।
জুলফাগারি আরও জোর দিয়ে বলেন, ইরানের ওপর যেকোনো ধরনের হামলার দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানি বাহিনী ইতোমধ্যেই সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করে রেখেছে।
একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল (Israel)—উভয়কেই অতীতের চেয়েও আরও কঠোর ও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে, যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয়।
এই বক্তব্য এমন এক সময় এলো, যখন আন্তর্জাতিক অঙ্গনে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার সম্ভাবনা ও উত্তেজনা দুই-ই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কঠোর বার্তা কূটনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে।


