এআই দিয়ে পাকিস্তানি ব্র্যান্ডের প্রচারে আলিয়া ভাটের ছবি, ভক্তদের মধ্যে তুমুল আলোচনা

ভারতে পাকিস্তানি সিনেমার মুক্তি নিষিদ্ধ থাকাসহ দুই দেশের চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনে চলমান অঘোষিত দূরত্বের মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। পাকিস্তানের একটি পোশাক ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ছবি ব্যবহার করাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক।

প্রথমে অনেক ভক্তই ধারণা করেন, আলিয়া ভাট হয়তো সত্যিই পাকিস্তানি কোনো পোশাক ব্র্যান্ডের জন্য ফটোশুট করেছেন। তবে পরে জানা যায়, এটি আসলে এআই-জেনারেটেড ছবি, যেখানে তার চেহারা ও স্টাইল ব্যবহার করে একটি পোশাক ব্র্যান্ড নিজেদের পণ্যের প্রচারণা চালাচ্ছে।

ব্র্যান্ডটির নাম ওয়াজায়েশ (Wajayesh)। তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে আলিয়া ভাটের মতো দেখতে একাধিক ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে বিভিন্ন পোশাকে দেখানো হয়েছে। সেই পোস্টে লেখা ছিল, “এমনকি আলিয়া ভাটও আমাদের পিওর শিষা সিল্ক কালেকশন পছন্দ করেন।”

পোস্টটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে ভুয়া ও বিভ্রান্তিকর মার্কেটিং হিসেবে সমালোচনা করেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “আলিয়া হয়তো জানেনই না তার ছবি কোথায় ব্যবহার করা হচ্ছে।” আরেকজন লেখেন, “এআই ব্যবহার করে এভাবে মার্কেটিং করা ঠিক নয়।” কেউ কেউ এটিকে সরাসরি প্রতারণামূলক প্রচারণা বলেও আখ্যা দেন।

আবার অনেকে বিষয়টিকে ‘সস্তা এআই মার্কেটিং’ হিসেবে সমালোচনা করে বলেন, এতে তারকাদের ইমেজ ব্যবহার করে ভুল বার্তা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত আলিয়া ভাট বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গেছে ‘জিগরা’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন বেদাঙ্গ রায়না। সিনেমাটি প্রত্যাশিত সাড়া না পেলেও আলিয়া প্রযোজিত এই কাজটি আলোচনায় ছিল।

আগামী দিনে তাকে দেখা যাবে ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়—এমনটাই জানা গেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে।