দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ আল্লু অর্জুন (Allu Arjun) এবার বলিউডে কাজের প্রস্তুতি জোরদার করছেন। ইতোমধ্যেই তার নতুন সিনেমা ‘রাকা’ ঘিরে তৈরি হয়েছে ভক্তদের ব্যাপক আগ্রহ। এই সিনেমার বড় একটি অংশের শুটিং হবে মুম্বাইয়ে—আর সেই কারণেই শহরটিতে নিজের জন্য বিলাসবহুল এক ঠিকানা গড়ে তুলেছেন এই তারকা।
কাজের সুবিধার কথা মাথায় রেখে মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় একটি সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রায় ৬ হাজার বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল এবং চারটি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা।
এই বিলাসবহুল আবাসনের জন্য প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা গুনতে হচ্ছে অভিনেতাকে। জানা গেছে, তিন বছরের চুক্তিতে তিনি এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। বিপুল এই মাসিক খরচ ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
তবে মুম্বাইয়ে বাড়ি নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন ওঠে—তাহলে কি হায়দরাবাদ ছেড়ে স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস শুরু করতে যাচ্ছেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতা?
এই জল্পনায় পানি ঢেলেছেন তার বাবা ও প্রযোজক অল্লু অরবিন্দ (Allu Aravind)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটি কেবল শুটিংয়ের প্রয়োজনে নেওয়া সাময়িক সিদ্ধান্ত।
অল্লু অরবিন্দ বলেন, ‘ছেলের বর্তমান সিনেমার শুটিং মুম্বাইয়ে হচ্ছে, তাই এমন আলোচনা। কিন্তু হায়দরাবাদই তার আসল ঘর। তার সন্তানদের পড়াশোনা, পরিবারের বসবাস—সবই সেখানে। সুতরাং মুম্বাইয়ে স্থায়ীভাবে যাওয়ার প্রশ্নই আসে না।’
শুধু ‘রাকা’ নয়, শোনা যাচ্ছে পরিচালক লোকেশ কনগরাজ (Lokesh Kanagaraj)-এর পরবর্তী সিনেমাতেও যুক্ত হতে পারেন আল্লু অর্জুন। সেই সিনেমার শুটিংও মুম্বাই কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, আগামী কয়েক বছর মুম্বাইয়ে কাজের ব্যস্ততা বাড়বে ধরেই এই বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে করে বলিউডে তার উপস্থিতি আরও দৃশ্যমান হতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


