মিথ্যা তথ্য প্রদান, বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অস্ট্রেলিয়ার অভিবাসন খাতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু করেছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা ওএমএআরএ (OMARA)। এর অংশ হিসেবে একাধিক মাইগ্রেশন এজেন্টের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং তাদের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এই অভিযানের মধ্যে অন্যতম আলোচিত নাম জুঝার বাজওয়া (Jujhar Bajwa), যিনি বাজওয়া ইমিগ্রেশনের প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার তার নিবন্ধন আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের জন্য বাতিল করা হয়। তার বিরুদ্ধে পেশাগত মানদণ্ড লঙ্ঘন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ক্লায়েন্টদের বিভ্রান্ত করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তদন্তে দেখা গেছে বাজওয়া আইনসম্মত ও সততার সঙ্গে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। অভিবাসন সহায়তা সংক্রান্ত ঘোষণা যথাযথভাবে না দেওয়া এবং অসৎ উপায়ে আর্থিক সুবিধা অর্জনের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। কর্তৃপক্ষ তাকে ‘অযোগ্য ও অসৎ ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করেছে।
এ ঘটনায় অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ শরণার্থী ভিসা প্রক্রিয়া নতুন করে তদন্তের কেন্দ্রবিন্দুতে এসেছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশের নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের ওপর বাড়তি নজরদারি শুরু হয়েছে বলে জানা গেছে।
নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অবৈধ অভিবাসনে সহায়তা এবং অভিবাসন আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের মতো গুরুতর অভিযোগে বাজওয়াকে শাস্তিমূলক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অভিবাসন পরামর্শ খাতে একটি বৃহত্তর শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জন এজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে ৩৩টি পৃথক ঘটনায় বিভ্রান্তিকর, প্রতারণামূলক বা ভুল তথ্য দিয়ে সেবা প্রদানের নামে অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টরা আস্থার জায়গায় কাজ করেন। তাই তাদের কাছ থেকে সর্বোচ্চ নৈতিকতা ও আইন মেনে চলার প্রত্যাশা থাকে। ভিসা আবেদনকারী, শিক্ষার্থী, পরিবার এবং ব্যবসায়ীদের জন্য পরামর্শ হচ্ছে—অভিবাসন সহায়তা নেওয়ার আগে সংশ্লিষ্ট এজেন্টের নিবন্ধন ও গ্রহণযোগ্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় অভিবাসন প্রক্রিয়ায় যুক্ত বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য সতর্কতা আরও জরুরি হয়ে উঠেছে।


