অবশেষে নিজের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে মুখ খুললেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি স্বীকার করেন, প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা নিয়েছেন। বিষয়টি জানিয়েছে বিবিসি (BBC)।
৭৬ বছর বয়সী এই নেতা জানান, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করানোর পর তার শরীরে ক্যানসারজনিত একটি টিউমার শনাক্ত হয়। তবে সময়মতো চিকিৎসা নেওয়ায় সেটি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতের সময় পুরো বিষয়টি গোপন রাখেন নেতানিয়াহু। এতদিন আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তিনি। অবশেষে বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এই তথ্য সামনে আনেন।
বর্তমানে পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় তিনি জানান, চিকিৎসা শেষে এখন তার শারীরিক অবস্থা “খুব ভালো” এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন।
নেতানিয়াহু আরও উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে তিনি একটি বড় কিন্তু ‘ক্ষতিকর নয়’—এমন প্রোস্টেট সমস্যার অস্ত্রোপচার করান। এরপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
সর্বশেষ পরীক্ষায় তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি দাগ ধরা পড়ে, যা পরীক্ষা করে প্রাথমিক পর্যায়ের ক্যানসার টিউমার হিসেবে শনাক্ত করা হয়। তবে সেটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি বলে জানান তিনি।
চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, চিকিৎসকেরা তাকে দুটি বিকল্প দিয়েছিলেন—একটি হলো দ্রুত চিকিৎসার মাধ্যমে নিরাময়, অন্যটি হলো এটিকে নিয়েই জীবনযাপন করা। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে তিনি দ্রুত চিকিৎসা নেওয়ার পথই বেছে নেন।
তার ভাষায়, ঝুঁকি থাকলে তা দ্রুত মোকাবিলা করা উচিত—রাষ্ট্রীয় বিষয় হোক বা ব্যক্তিগত জীবন, একই নীতি অনুসরণ করেন তিনি।


