হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে নিরাপত্তা বলয় ভেঙে হামলার চেষ্টা করা সন্দেহভাজন বন্দুকধারীকে অবশেষে শনাক্ত করা হয়েছে। সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তার নাম কোল টমাস অ্যালেন (৩১)।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই ব্যক্তি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (California Institute of Technology)-এ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। সাধারণ রেকর্ড অনুযায়ী, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিনি শিক্ষকতা এবং ভিডিও গেম ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।
ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেফারি ক্যারল (Jeffrey Carroll) জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেল (Washington Hilton Hotel)-এর একজন অতিথি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুলিশ তার হোটেল কক্ষ ঘিরে রেখেছে এবং ভেতরে থাকা উপকরণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে থামাতে গেলে সে গু’\লি ছোড়ে, যার ফলে উভয় পক্ষের মধ্যে গু’\লি বিনিময়ের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেন গু’\লিবিদ্ধ হননি, তবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির মেয়র মিউরিয়েল বাউজার (Muriel Bowser) জানিয়েছেন, এক আহত সিক্রেট সার্ভিস এজেন্টকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো (Jeanine Pirro) জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে—সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা।
পুলিশ প্রধান ক্যারল আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি একাই এই হামলার চেষ্টা করেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, ডিনারের আগে তার নিরাপত্তা দল কোনো সম্ভাব্য হুমকির তথ্য পায়নি।
এদিকে, এফবিআই পরিচালক কাশ পাটেল (Kash Patel) জানিয়েছেন, তদন্তকারীরা সন্দেহভাজনের পটভূমি ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ খতিয়ে দেখবেন। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে গ্রেপ্তারের পর একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যায়—সন্দেহভাজন ব্যক্তি মাটিতে পড়ে আছেন এবং তার দুই হাত পেছনে বাঁধা।


