চলচ্চিত্র নির্মাণের নামে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরি (Puja Chery)-এর বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ১৮ এপ্রিল এ আদেশ দেওয়া হলেও বিষয়টি প্রকাশ্যে আসে ২৫ এপ্রিল (শনিবার)।
এ ঘটনার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন পূজা চেরি। তিনি স্পষ্টভাবে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ বা মামলার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষায়, “আপনারা যে অভিযোগ বা মামলার কথা বলছেন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এ বিষয়ে জড়াবেন না।”
তিনি আরও বলেন, বিষয়টি সম্পূর্ণই পারিবারিক হলেও এর বিস্তারিত কোনো তথ্য তার জানা নেই। একই সঙ্গে তিনি জানান, মামলাটি যেহেতু তদন্তাধীন, তাই আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছুর সিদ্ধান্ত আসবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে একাধিক ধাপে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
এরপর একই আশ্বাসে আরও ৫০ লাখ টাকা গ্রহণ করা হয়। পরে ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিভিন্ন সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা লেনদেন করা হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৩০ মার্চও বিকাশের মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও এসব অর্থ ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এজাহারে আরও বলা হয়, টাকা ফেরতের দাবি জানালে নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে হুমকির ঘটনাও ঘটে। সব মিলিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশেই পরবর্তী আইনগত প্রক্রিয়া চলবে।


