ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-কে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একজোট হয়েছেন সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (Naftali Bennett) এবং বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ (Yair Lapid)। রোববার তারা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এক যৌথ টেলিভিশন ভাষণে বেনেট বলেন, তিনি ও লাপিদ একসঙ্গে দেশের জন্য “সবচেয়ে জায়নিস্ট ও দেশপ্রেমিক পদক্ষেপ” নিতে যাচ্ছেন। তারা ‘বেয়াহাদ (একসঙ্গে)’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যা বড় বিজয় অর্জন করে দেশের জন্য নতুন যুগের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লাপিদ বলেন, বেনেট ডানপন্থী রাজনীতিক হলেও তিনি সৎ এবং তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে। এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই জোট ‘রিপেয়ার ব্লক’-এর ঐক্য গড়ে তুলবে এবং ইসরাইলকে প্রয়োজনীয় পরিবর্তনের পথে এগিয়ে নেবে।
নির্বাচিত হলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে যে ব্যর্থতাগুলো ছিল, তা তদন্তে একটি জাতীয় কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বেনেট। এই প্রস্তাব বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, ওই হামলার পর থেকেই বেনেট ও লাপিদ উভয়েই নেতানিয়াহুর নেতৃত্বের তীব্র সমালোচক হয়ে উঠেছেন। লাপিদ সম্প্রতি ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকেও ‘রাজনৈতিক বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন।
রাজনৈতিক প্রেক্ষাপটে, বেনেট দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে বসতি স্থাপনের সমর্থক হিসেবে পরিচিত। ২০২১ সালের জুনে লাপিদের সঙ্গে মিলে তিনি একটি জোট সরকার গঠন করেন, যা ২০২২ সালের শেষদিকে ভেঙে যায়। এরপর নেতানিয়াহুর নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়। জোট ভেঙে যাওয়ার পর স্বল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লাপিদ।
জনমত জরিপে দেখা যাচ্ছে, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানাতে বেনেট সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে এসেছেন। রোববার তিনি কেন্দ্রপন্থী ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকটকে এই জোটে যোগ দেওয়ার আহ্বানও জানান।
৫৪ বছর বয়সী বেনেট একজন সাবেক হাই-টেক উদ্যোক্তা। ২০০৫ সালে তার স্টার্টআপ ১৪৫ মিলিয়ন ডলারে বিক্রি করেন। তিনি সাবেক ইসরাইলি কমান্ডো কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন, যা গাজা যুদ্ধের পর তরুণ প্রজন্মের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। একসময় নেতানিয়াহুর উপদেষ্টা হিসেবে কাজ করলেও পরবর্তীতে তার নীতির কড়া সমালোচকে পরিণত হন।
অন্যদিকে, লাপিদ প্রয়াত সাংবাদিক ও মন্ত্রী টমি লাপিদের ছেলে এবং লেখক শুলামিত লাপিদের সন্তান। তিনি একজন পরিচিত টেলিভিশন সাংবাদিক ছিলেন এবং ২০১২ সালে ‘ইয়েশ আতিদ’ দল গঠন করে রাজনীতিতে প্রবেশ করেন, যা বর্তমানে ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।
এদিকে, আসন্ন নির্বাচনে নেতানিয়াহু তার দল লিকুদ-এর নেতৃত্ব দেবেন। ৭৬ বছর বয়সী এই নেতা একাধিক মেয়াদে ১৮ বছরের বেশি সময় ক্ষমতায় থেকে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।


