৩০ এপ্রিলের পর জুয়া-মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed) জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইন জুয়া, মাদক এবং সিসা লাউঞ্জের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের যুবসমাজকে সুরক্ষিত রাখতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তার ভাষায়, “আগামী ৩০ এপ্রিলের পর থেকে অনলাইন জুয়া ও মাদক এবং সিসা লাউঞ্জের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। যুবসমাজকে রক্ষায় এর কোনো বিকল্প নেই।”

তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে এসব কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন। তার মতে, যুবসমাজকে এইসব ক্ষতিকর কার্যক্রম থেকে দূরে রাখতে কঠোর অবস্থানের কোনো বিকল্প নেই।