হলিউডের দুই অভিনেত্রী গ্রেস ভ্যান প্যাটেন ও শেইলিন উডলিকে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—তারা কি সত্যিই যমজ? চেহারার অদ্ভূত মিলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন এই দুই তারকা। অবশেষে সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করল তাদের প্রথম যৌথ উপস্থিতি।
সম্প্রতি ডেডলাইন কনটেন্ডার্স টেলিভিশন (Deadline Contenders Television) অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে পাশাপাশি দেখা যায় গ্রেস ভ্যান প্যাটেন ও শেইলিন উডলিকে। এ দৃশ্য ভক্তদের বিস্মিত করেছে। অনুষ্ঠানে অভিনেতা থমাস ডোহার্টি তাদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেক ভক্তই মন্তব্য করেছেন—এই দুই ‘লুক-অ্যালাইক’ তারকাকে নিয়ে দ্রুত কোনো সিনেমায় ‘বোনের’ চরিত্রে অভিনয় করানো উচিত।
এর আগে ফেব্রুয়ারিতে কসমোপলিটান (Cosmopolitan) সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেস জানান, অভিনয় জীবন শুরুর অনেক আগ থেকেই মানুষ তাকে শেইলিন উডলি ভেবে ভুল করত। তার ভাষায়, ‘হাইস্কুলে পড়ার সময় অনেকেই আমাকে শেইলিন ভেবে ডাকত। একবার বিমানবন্দরে কিছু কিশোরী আমাকে “ডাইভারজেন্ট” সিনেমার তারকা ভেবে ঘিরে ধরেছিল। আমি বারবার বলার পরও তারা বিশ্বাস করতে চাইছিল না যে আমি সে নই।’
অন্যদিকে শেইলিন উডলিও এই সাদৃশ্যকে বেশ উপভোগ করেন। তিনি বলেন, ‘গ্রেসের সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। প্রতিবারই আমরা একে অপরকে “টুইন” বলে ডাকি। কারণ সবাই আমাদের মধ্যে মিল খুঁজে পায়—এমনকি আমিও তা দেখি। সে খুবই চমৎকার একজন মানুষ, তাই তার সঙ্গে তুলনা হওয়া আমার কাছে প্রশংসার মতো।’
চেহারার এত মিল থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সিনেমা বা টিভি সিরিজে তাদের একসঙ্গে দেখা যায়নি। গ্রেস সম্প্রতি ‘বিগ লিটল লাইজ’ সংশ্লিষ্ট কাজ শেষ করেছেন। অন্যদিকে শেইলিন বর্তমানে নিউইয়র্কে লিন্ডসে লোহান ও কিট হ্যারিংটনের সঙ্গে নতুন ড্রামা সিরিজ ‘কাউন্ট মাই লাইজ’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


