ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে আমিনুর শাহ নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহানবী মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে সোমবার রাতে তাকে প্রথমে আটক করা হয়।
পরে এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ এপ্রিল) আমিনুর শাহ তার ব্যক্তিগত ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন, যা ধর্মীয় অবমাননাকর হিসেবে বিবেচিত হয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের নজরে আসে।
এরপর এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আগেই পুলিশ ব্যবস্থা নিয়ে তাকে আটক করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
