বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন ডলারের চুক্তি—বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন উড়োজাহাজ

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines) বহর সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা বোয়িং (Boeing)-এর সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই হতে যাচ্ছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায়, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

চুক্তি সই অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিমান চলাচল খাতের সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ সংস্থাটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন, আর বোয়িংয়ের পক্ষে থাকবেন প্রতিষ্ঠানটির মনোনীত প্রতিনিধি।

বিমান সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকবেন।

এই চুক্তিকে জাতীয় বিমান সংস্থার আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে।

এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ, বহরের আধুনিকায়ন এবং দীর্ঘপথের রুটে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দীর্ঘ রুটে ব্যবহৃত হবে। অন্যদিকে ৭৩৭ ম্যাক্স জেটগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।

এই বড় অর্ডার ঘিরে গত তিন বছর ধরে বোয়িং (Boeing) এবং এয়ারবাস (Airbus)-এর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। শেষ পর্যন্ত এই চুক্তির মাধ্যমে সেই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটতে যাচ্ছে।

২০২৩ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো (Emmanuel Macron)-এর বাংলাদেশ সফরসহ একাধিক কূটনৈতিক তৎপরতার পর এয়ারবাস কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বোয়িং অর্ডারটি ধরে রাখতে সক্ষম হয়েছে। ইউরোপীয় পক্ষ থেকে বিমানের বহরে বৈচিত্র্য আনতে এয়ারবাস উড়োজাহাজ অন্তর্ভুক্তির ওপর জোর দেওয়া হয়েছিল।