ভারতের রাজধানী নয়া দিল্লি (New Delhi) আবারও প্রস্তুত এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলার জন্য। জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Delhi International Film Festival – DIFF)। আর এই উৎসবেই সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপমহাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লা (Runa Laila)-কে প্রদান করা হচ্ছে মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ড।
আগামী ৪ মে থেকে ৮ মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আয়োজন। উৎসবের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (Indira Gandhi National Centre for the Arts) এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র (Dr. Ambedkar International Centre) প্রাঙ্গণ।
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা সম্প্রতি রুনা লায়লাকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সম্মাননার বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে—যা উৎসবটিকে একটি বৈশ্বিক সৃজনশীল প্ল্যাটফর্মে রূপ দেবে।
এই বিশাল আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।
সম্মাননা প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, “আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি উৎসবের সভাপতি রাম কিশোরকে ধন্যবাদ জানাতে চাই। সেইসাথে ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কেও অনেক ধন্যবাদ। এটি সত্যিই একটি বিশাল পদক্ষেপ এবং এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের সৃজনশীলতার একটি সংহতি। আমি নিশ্চিত যে এটি একটি বড় সাফল্য অর্জন করবে এবং এর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।”
এই সম্মাননার মাধ্যমে রুনা লায়লা হচ্ছেন চতুর্থ খ্যাতিমান ব্যক্তি, যিনি ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কারে ভূষিত হচ্ছেন। এর আগে এই স্বীকৃতি পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) এবং ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)।


