পর্তুগালে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে সর্ববৃহৎ বাংলা কনসার্ট, যেখানে গান শোনাবেন নগরবাউলখ্যাত সংগীতশিল্পী জেমস (James)। ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট–২০২৬’ শিরোনামের এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র রবিন ঠাকুর।
আগামী ২৬ জুলাই বিকাল ৫টায় লিসবন (Lisbon)-এর ‘লিসবোয়া আউ ভিভো’ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিসরে নতুন মাত্রা যোগ করতে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা যৌথভাবে আয়োজন করছে এ মেগা ইভেন্ট।
কনসার্ট উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সম্প্রতি লিসবনের অ্যাভিনিউ রোমায় অবস্থিত ‘লিটনস টার্কিশ গ্রিল’-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রবাসী কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা। আয়োজকরা জানান, এটি হবে পর্তুগালে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাংলা কনসার্ট এবং জেমসের উপস্থিতি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেশের সংস্কৃতির নতুন আবেগ জাগিয়ে তুলবে।
কনসার্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট তিনটি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে—ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি ১০০ ইউরো। আগ্রহীরা আয়োজক কমিটির সদস্যদের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।


