৫০তম পর্বেই রেকর্ড—‘এটা আমাদেরই গল্প’ ছুঁলো কোটির ঘর, উচ্ছ্বাস নির্মাতা-শিল্পীদের

প্রচার শুরুর পর থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রে থাকা নির্মাতা মোস্তফা কামাল রাজ (Mostofa Kamal Raj)-এর ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ নতুন করে রেকর্ড গড়েছে। পারিবারিক গল্পনির্ভর এই নাটকের প্রতিটি পর্বই আগ্রহ নিয়ে দেখেছেন দর্শকেরা, তবে ৫০তম পর্বটি যেন সেই আগ্রহকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

নির্মাতা নিজেই জানিয়েছেন, মুক্তির মাত্র ১৮.৩৪ ঘণ্টার মধ্যেই এই পর্বটি ১ কোটি ভিউ অতিক্রম করেছে। আর একদিন পূর্ণ হওয়ার আগেই নাটকটি পার করে ১১ মিলিয়ন ভিউ—যা বাংলা নাটকের জন্য সাম্প্রতিক সময়ে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

অল্প সময়ের মধ্যেই এমন বিপুল সাড়া পাওয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন আরেক জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন (Shihab Shaheen)। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “ওয়াও! এটা দুর্দান্ত। বাংলা নাটক ইন্ডাস্ট্রির জন্য দারুণ খবর। শাবাশ! মোস্তফা কামাল রাজ!”

শুধু নির্মাতাই নন, নাটকের অভিনয়শিল্পীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। পোস্টে তাদের ট্যাগ করে শুভেচ্ছা জানানোর পর মন্তব্যের ঘরেও তৈরি হয় ইতিবাচক প্রতিক্রিয়ার ঢেউ। এই উৎসাহ ও প্রেরণার জন্য শিহাব শাহীনকে ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা রাজের পাশাপাশি অভিনয়শিল্পী খায়রুল বাসার (Khayrul Basar), ইরফান সাজ্জাদ (Irfan Sajjad) এবং দীপা খন্দকার (Dipa Khandakar)সহ আরও অনেকে।

গত বছরের ৫ নভেম্বর থেকে একযোগে চ্যানেল আই (Channel i) এবং ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’-তে প্রচারিত হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। নাটকটিতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু ও নাদের চৌধুরীসহ অনেক পরিচিত মুখ।

এর আগে নির্মাতা মোস্তফা কামাল রাজ জানিয়েছিলেন, ধারাবাহিক এই নাটকটি ৫২তম পর্বেই শেষ হবে। ফলে শেষের আগমুহূর্তে এসে দর্শকদের এমন অভূতপূর্ব সাড়া নাটকটির জনপ্রিয়তাকেই নতুনভাবে তুলে ধরছে।