পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত: এগিয়ে বিজেপি, চাপে তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এক নতুন রাজনৈতিক বাস্তবতার আভাস মিলছে। এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতায় প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দলটি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মাত্র ৯৪টি আসনে এগিয়ে আছে। ফলে ২৯৪ আসনের এই বিধানসভায় বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে দলটি—এমনই ইঙ্গিত দিচ্ছে চলমান ফলাফল।

এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। সেই হিসেবে বিজেপি ইতোমধ্যেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। ফল ঘোষণার আগেই দলটির শীর্ষ নেতারা আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছেন।

বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)সহ রাজ্য বিজেপির নেতারা দাবি করছেন, বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)–এর রাজনৈতিক অধ্যায়ের এখানেই সমাপ্তি ঘটতে চলেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে।

এদিকে রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি নেতা–কর্মীরা ইতোমধ্যে বিজয় উদ্‌যাপনে নেমেছেন। সরকার গঠনের সম্ভাবনা জোরালো হওয়ায় কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী—তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) একাধিকবার জোর দিয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (The Indian Express) সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকজন নেতার নাম সামনে এনেছে। তাঁদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত।