ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু (Tamil Nadu)-র রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা ডিএমকে ও এআইএডিএমকের দ্বিমুখী আধিপত্যের বাইরে গিয়ে বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় (Thalapathy Vijay)-এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (Tamilaga Vettri Kazhagam)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের পথে দলটিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কংগ্রেসের এমপি শশিকান্ত সেন্টিল বলেন, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) শুরু থেকেই টিভিকের পাশে থাকার পক্ষে ছিলেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন, সিদ্ধান্তটি যেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া না হয়; বরং তামিলনাড়ু কংগ্রেস কমিটিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পরে গভীর রাতে অনুষ্ঠিত কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির ভার্চুয়াল বৈঠকে টিএনসিসিকে সরকার গঠনে টিভিকেকে সমর্থনের অনুমতি দেওয়া হয়।
দলীয় সূত্র আরও জানিয়েছে, সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস দুটি মন্ত্রণালয় পাওয়ার আশায় রয়েছে। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী নিয়মিতভাবে টিভিকের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানা গেছে।
তবে সমর্থনের পাশাপাশি কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে। দলটি চায়, টিভিকে যেন এনডিএ কিংবা তাদের কোনো শরিক দলের সঙ্গে, বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে, কোনো ধরনের জোটে না যায়।
সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, বিজয়কে এখন আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল বা গভর্নরের কাছে সরকার গঠনের দাবি জানাতে হবে। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণের পথ খুলবে।
নির্বাচনী জয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথম প্রতিক্রিয়া জানান বিজয়। দীর্ঘ তামিল ভাষার পোস্টে তিনি বলেন, টিভিকের বর্তমান অবস্থানে পৌঁছানো মোটেও সহজ ছিল না।
তিনি লেখেন, দল গঠনের পর থেকে তাদের বিরুদ্ধে নানা সমালোচনা ও অপমান এসেছে। কিন্তু সব বাধা পেরিয়ে তারা মানুষের ওপর আস্থা রেখেই এগিয়ে গেছেন। তার ভাষায়, যাদের জন্য তারা রাজনীতিতে এসেছেন—তামিলনাড়ুর সেই সাধারণ মানুষই সবসময় তাদের পাশে থেকেছে।
বিজয় আরও বলেন, টিভিকের এই সাফল্য শুধু একটি রাজনৈতিক দলের জয় নয়, এটি গণতন্ত্রেরও জয়। তিনি তামিলনাড়ুর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন এক রাজনৈতিক বিজয় এসেছে, যা একসময় অসম্ভব বলেই মনে হয়েছিল। পাশাপাশি দলের প্রতিটি সমর্থক, সংগঠক ও ‘ভার্চুয়াল যোদ্ধাদের’ প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


