কানাডার টরন্টোর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা ড্যানফোর্থ, যা প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘বাংলা টাউন’ নামে পরিচিত—সেখানে ঘটে গেছে অত্যন্ত সুপরিকল্পিত এক চু’\রির ঘটনা। রোববার দিবাগত গভীর রাতে মেঘা জুয়েলার্স (Megha Jewellers)-এ হামলা চালিয়ে মাত্র তিন মিনিটের মধ্যে লকার নিয়ে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা।
জানা গেছে, দূর্বৃত্তরা দোকানের পাঁচটি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
টেলার্স সিকিউরিটি (Tailors Security) কোম্পানির মাধ্যমে রাত প্রায় সোয়া ৩টার দিকে এই চু’\রির বিষয়টি শনাক্ত হয়। অটোমেটিক এলার্ম সিস্টেম সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে সতর্ক বার্তা পাঠানো হয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এলেও ততক্ষণে চোরচক্রটি এলাকা ছেড়ে চলে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গভীর রাতে চারজন মুখোশধারী ব্যক্তি একটি গাড়ি নিয়ে দোকানের পাশে অবস্থান নেয়। এরপর তারা পরিকল্পিতভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দোকানের ভেতরে ঢুকে পড়ে। অটোমেটিক এলার্ম বেজে ওঠার পরও তারা অল্প সময়ের মধ্যেই একটি লকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে মূল লকার ভাঙতে পারেনি তারা।
ঘটনার পর পুলিশ প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, এই চোরচক্র অত্যন্ত পেশাদার এবং তারা আগে থেকেই দোকানটির অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত রেকি করেছিল।
এখন পর্যন্ত কাউকে গ্রে’\প্তারের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মেঘা জুয়েলার্সের কর্ণধার প্রদীপ কর্মকার (Pradip Karmakar) বলেন, বাংলা টাউন দীর্ঘদিন ধরেই প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তাহীনতা বাড়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
তার দাবি, এলাকায় প্রায়ই নিরাপত্তা সংকট দেখা দিচ্ছে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


