ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপাল আরএন রবি বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকাল এবং মুখ্যমন্ত্রী পদ থেকেও সরে যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে।
এক বিবৃতিতে আরএন রবি (RN Ravi) জানান, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছেন।
ইতোমধ্যে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা (Dushmant Nariyala) আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে বর্তমান বিধানসভার সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনৈতিকভাবে নতুন পরিস্থিতি তৈরি হলো।
রাজ্যপালের এই সিদ্ধান্তের অর্থ, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন না। যদিও বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং নিজের অবস্থানে অনড় ছিলেন।
৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, নির্বাচনের ফলাফল জনমতের প্রকৃত প্রতিফলন নয়। সেই অবস্থান থেকেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাননি। কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিধানসভা ভেঙে দেওয়ার পর তার সরকার কার্যত বিলুপ্ত হয়ে গেল।
উল্লেখ্য, বর্তমান বিধানসভার মেয়াদ বৃহস্পতিবার স্বয়ংক্রিয়ভাবেই শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই রাজ্যপালের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।
এদিকে বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়া ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) ইতোমধ্যে জানিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের ক্ষমতায় বড় রাজনৈতিক পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


